আমার সকল স্মৃতিগুলো আজ হয়ে গেছে ইতিহাস
আগে আগে আমি সব মানুষের মনে করতাম বাস,
আমি ছাড়া আর গণমাধ্যম ছিল না তখন কোনো
ছিল না তখন কম্পিউটার ছিল না টিভি বা ফোনও।
পৃথিবীর সব দেশের খবর অজানা অচেনা তথ্য
আমিই দিতাম সকলের কাছে এনে পুরোপুরি সত্য,
মানুষের মন ফুরফুরে করে রাখতাম আমি গানে
মানুষও ভীষণ মজায় থাকতো আমার অনুষ্ঠানে।
আমাকে চালিয়ে উঠোনের মাঝে গোল হয়ে বসে লোক
করতো প্রকাশ নিরিবিলি থেকে আমার প্রেমের ঝোঁক,
ছোট ছেলে-মেয়ে কৌতুক শুনে হোহো হাহা করে হাসত
আমার অনুষ্ঠানের টানেই সব লোক ছুটে আসতো।
অথচ এখন ইতিহাস আমি, আমাকে শোনে না কেউ
এই বেদনায় হৃদয়ে আমার বইছে ব্যথার ঢেউ,
একটা সময় মানুষের কাছে আমিই ছিলাম দামি
বুঝতে পারছো নামটা আমার? রেডিও হলাম আমি।

0 Comments