পাপীষ্ঠ
মোহাম্মদ জাকির হোসাইন
এই বুঝি গো ডাক পড়েছে শঙ্কা মনে তাই,
ছাড়তে হবে সাধের ধরা উপায় কিছু নাই।
ডাক পরেছে ছাড়তে হবে সাজানো সব ঘর,
আগলে রাখা আপন গুলো যাচ্ছে হয়ে পর।
জীবন ভরে ভুল করেছি নেইকো দাড়ি-কমা,
অবুঝ আমি অধম হয়ে চাচ্ছি প্রভু ক্ষমা।
জগৎ মাঝে কত স্বজন আপন নহে কেহ,
শূন্য আমি ভীষণ একা নিথর পুরো দেহ।
পাথেয় হীন পথিক আমি বাঁচাও মোরে সাঁই,
অপারগ-এ জীবন নিয়ে তোমা রহম চাই।
পূর্ণ ভিটা শূন্য হলো মিথ্যা ছিলো সব,
বুঝিনাই তো কত আপন তুমি আমার রব।
রহম করো প্রভু আমার ক্ষমা চাচ্ছি পাপে-
পারবো নাকো সইতে আমি জাহান্নামে তাপে।
শঙ্কা মনে যাচ্ছে বেড়ে যত সময় গড়ে,
দু-হাত তুলি প্রার্থনাতে প্রভু তোমার তরে।
গুনাগার-এ বান্দা আমি ক্ষমা ভিক্ষা চাই,
স্রষ্টা তুমি শক্তি তুমি তুল্য কেহ নাই।
উদার তুমি দয়া- সাগর তুমি মেহেরবান,
রক্ষা করো শান্তিদাতা পাপীষ্ঠ-এ জান।

0 Comments